কবি – মাইকেল মধুসূদন দত্ত

 কবি
  – মাইকেল মধুসূদন দত্ত 

কে কবি— কবে কে মোরে? ঘটকালি করি, 
শবদে শবদে বিয়া দেয় যেই জন, 
সেই কি সে যম-দমী? তার শিরোপরি 
শোভে কি অক্ষয় শোভা যশের রতন? 
সেই কবি মোর মতে, কল্পনা সুন্দরী 
যার মনঃ-কমলেতে পাতেন আসন, 
অস্তগামি-ভানু-প্রভা-সদৃশ বিতরি 
ভাবের সংসারে তার সুবর্ণ-কিরণ। 
আনন্দ, আক্ষেপ ক্রোধ, যার আজ্ঞা মানে 
অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা-বলে; 
নন্দন-কানন হতে যে সুজন আনে 
পারিজাত কুসুমের রম্য পরিমলে; 
মরুভূমে— তুষ্ট হয়ে যাহার ধেয়ানে 
বহে জলবতী নদী মৃদু কলকলে!